শুরুতেই অভিবাসী বিতাড়নে বিভিন্ন সংস্থাকে সক্রিয় করবেন ট্রাম্প।

 

শুরুতেই অভিবাসী বিতাড়নে বিভিন্ন সংস্থাকে সক্রিয় করবেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র থেকে ব্যাপক হারে অভিবাসী বিতাড়নে সরকারের বিভিন্ন সংস্থাকে কাজে লাগানোর কাজ শুরু করতে পারেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। এই কাজে সহযোগিতা করার জন্য তিনি বিচার বিভাগকেও চাপ দিতে পারেন বলে জানা গেছে। ট্রাম্পের সাবেক ছয় কর্মকর্তা ও মিত্ররা এই তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় দাবি করার পর সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তাঁকে একটি অভূতপূর্ব এবং শক্তিশালী জনরায় দিয়েছে।

ট্রাম্পের সমর্থকরা, যাঁরা তাঁর প্রশাসনে যুক্ত হতে পারেন, ধারণা করছেন যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে রিপাবলিকান পার্টির নির্বাচিত প্রেসিডেন্ট সামরিক বাহিনী থেকে শুরু করে বিদেশি কূটনীতিক পর্যন্ত সবাইকে ডেকে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার নির্দেশ দিতে পারেন। এ কাজে তিনি রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্যগুলোর নেতাদের সহযোগিতা নিতে পারেন। এমনকি যেসব রাজ্যে আইনি বিধিনিষেধ আছে, সেখানকার তহবিল বন্ধ করার পদক্ষেপও নিতে পারেন।

নির্বাচনী প্রচারে অভিবাসনবিরোধী কড়া বক্তব্য দিয়ে এসেছেন ট্রাম্প। তাঁর প্রতিশ্রুতির মূল লক্ষ্য ছিল বিপুল সংখ্যক অভিবাসীকে বের করে দেওয়া। ট্রাম্পের রানিং মেট জে ডি ভ্যান্সের মতে, প্রতিবছর ১০ লাখ অভিবাসীকে বিতাড়িত করা হতে পারে।

অভিবাসী নিয়ে কাজ করা আইনজীবীরা বলছেন, ট্রাম্পের অভিবাসী বিতাড়নের চেষ্টা ব্যয়বহুল, বিভাজন সৃষ্টিকারী ও অমানবিক হতে পারে। এতে অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং বিভিন্ন সম্প্রদায়ের ওপর মারাত্মক প্রভাব পড়বে।

২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ট্রাম্পকে তাঁর আগের মেয়াদে অভিবাসী বিতাড়ন প্রক্রিয়া চালাতে অনেকটা সংগ্রাম করতে হয়েছিল। মেক্সিকো সীমান্তের কর্মকর্তাদের মতে, ট্রাম্পের আমলের তুলনায় বাইডেনের আমলে বেশি অভিবাসী বিতাড়িত হয়েছেন। ট্রাম্পকে তাঁর প্রতিশ্রুতি রক্ষা করতে হলে এবার আরও কঠোর হতে হবে।

ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন বলছেন, প্রথম মেয়াদের তুলনায় এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আরও আগ্রাসী ভূমিকা নিতে পারে। তবে এ ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে, অন্য দেশগুলো বিতাড়িত অভিবাসী গ্রহণ করবে কি না। প্রথম মেয়াদে এ বিষয়ে বড় বাধার সম্মুখীন হয়েছিল ট্রাম্প প্রশাসন।

Post a Comment

0 Comments